দিঘায় এবার থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম - The News Lion

দিঘায় এবার থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম




দি নিউজ লায়ন ; প্যারিসের আইফেল টাওয়ারের ধাঁচে এবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বসতে চলেছে থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম।সেই সঙ্গে বসবে মিউজিক্যাল ফাউন্টেন, মাল্টিমিডিয়া শো এবং আধুনিক সাউন্ড সিস্টেম। যা রাতের দিঘাকে আরো আকর্ষণীয় করে তুলবে পর্যটকদের কাছে। নতুন বছরে ভ্রমন পিপাসু বাঙ্গালীকে এটি  মুখ্যমন্ত্রীর উপহার বলছে তৃণমূল।


মারন ভাইরাস করোনার সংক্রমন ঠেকাতে টানা কয়েক মাস ধরে চলা লকডাউনের জেরে সৈকত শহর দিঘার পর্যটন  ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে, বহু মানুষের রুটি-রুজির সংস্থান বন্ধ হয়ে যায়।যদিও আনলক পরিস্থিতির পর একটু একটু করে ছন্দে ফিরছে।এর মধ্যেই  থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম চালু করার উদ্যোগ দিঘার প্রতি পর্যটকদের আকর্ষন বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন সৈকত শহরের ব্যবসায়ীরা।


দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক অখিল গিরি বলেন,বাম আমলে অবহেলিত ছিলো সৈকত শহর।রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরে দিঘার পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথে,ব্যাপক সৌন্দর্যায়ন ঘটিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর উদ্যোগে দিঘা পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক মানের করে তোলা হচ্ছে। 


অখিল বাবু  জানিয়েছেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই পর্যটন কেন্দ্রের নয়াকালী মন্দিরের কাছে এই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম বসাবে।বলেন  কালীমন্দির দর্শনের পাশাপাশি পর্যটকরা আলোর মজা উপভোগ করতে পারবেন। সেই জন্য আমরা ইতিমধ্যেই টেন্ডার ডেকেছি। খুব শীঘ্র এই কাজ শুরু হবে।আশা প্রকাশ করেছেন নতুন বছরের প্রথমের দিকেই এই সিস্টেম বসে যাবে দিঘাতে।


দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সুত্রে জানা গেছে উন্নত  প্রযুক্তি দিয়ে দিঘা সমুদ্র পাড়ে ঝলমলে আলো ও সঙ্গীতের মূর্ছনায় মায়াবি পরিবেশ তৈরি করতে খরচ পড়বে আনুমানিক ৯ কোটি টাকা।তবে নিখরচায় সেই সৌন্দর্য, সেই বিনোদন উপভোগ করতে পারবেন পর্যটকেরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.